বর্ষাকালের বৃষ্টির ইতিবাচক প্রভাব পড়েছে ঢাকার বায়ুমানে। রবিবার (২৭ জুলাই) সকাল সোয়া ৯টায় ঢাকার একিউআই (বায়ু মান সূচক) স্কোর ছিল ৫৮, যা ‘মাঝারি’ শ্রেণিভুক্ত হলেও ‘ভালো’ অবস্থার কাছাকাছি বলে ধরা হয়। এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ৫১তম।
গতকাল একই সময়ে ঢাকার একিউআই স্কোর ছিল ৬৯। ধারাবাহিক বৃষ্টিপাতে বায়ুদূষণ কিছুটা কমেছে বলে ধারণা করা হচ্ছে।
একই সময়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাহরাইনের রাজধানী মানামা, যার একিউআই স্কোর ১৭৫। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৭০) এবং তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৬৯)।
লাহোরের বায়ুমান গতকাল খানিকটা উন্নত হলেও ২৪ ঘণ্টার ব্যবধানে ফের অবনতি ঘটেছে। গতকাল ১৪৬ স্কোর নিয়ে শহরটি ছিল একাদশ স্থানে।
এদিকে, দাবানলের ধোঁয়ার কারণে বায়ুমানে অবনতি ঘটলেও আজ কিছুটা উন্নতি দেখা গেছে কানাডার মন্ট্রিয়ালে। আজ সকাল পর্যন্ত শহরটির একিউআই স্কোর ১৫৪, যা গতকাল ছিল ১৭৩। কানাডার পরিবেশ সংস্থা এনভায়রনমেন্ট কানাডা জানিয়েছে, প্রেইরি অঞ্চলের দাবানলের কারণে সেখানে বায়ুদূষণ ও দৃশ্যমানতা কমে যায় এবং দূষণের মাত্রা বাড়তে পারে বলে আগেই সতর্ক করা হয়েছিল।
বায়ুমান সূচক (একিউআই) কী বলে?
একিউআই স্কোর ০–৫০ হলে তা ‘ভালো’, ৫১–১০০ হলে ‘মাঝারি’, ১০১–১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১–২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–এর ওপরে হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ হয় পিএম২.৫ ও পিএম১০ (বস্তুকণা), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনো-অক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং ওজোন (O₃) উপাদানের ভিত্তিতে।
বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির কারণে বায়ুতে ভাসমান ক্ষতিকর কণাগুলো ধুয়ে পড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে বাতাসের মান কিছুটা ভালো হয়। তবে দীর্ঘমেয়াদে পরিবেশবান্ধব নীতি ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে এই উন্নতি টেকসই হবে না।

