আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় পেজটি হ্যাক করার চেষ্টা হয়।
তাজুল ইসলাম বলেন, “প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় আমাদের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক হয়। হামলাকারীরা পেজটি সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেয়, পরে সেটি উদ্ধার করা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “অপরাধীরা ভয় পায়, তারা চায় না দুনিয়াবাসী তাদের নিষ্ঠুরতার প্রমাণ জানুক। তাই আমাদের পেজে হামলা চালিয়েছে।”
আজ সকালে ট্রাইব্যুনাল–১–এ শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হয়। মামলার অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মধ্যে মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
চিফ প্রসিকিউটর বলেন, “অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধীকে রক্ষা করার কোনো চেষ্টা বাংলাদেশে কখনো সফল হবে না।”
গত বুধবার এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আজ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে, যা সরাসরি সম্প্রচার করা হচ্ছিল চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে।

