চট্টগ্রাম নগরীর ভয়াবহ জলাবদ্ধতা নিরসনে বহুল প্রত্যাশিত বহদ্দারহাট-বারইপাড়া খাল খনন প্রকল্পটি আবার সংশোধন করা হয়েছে। তৃতীয়বারের মতো সংশোধিত এই প্রকল্পে ব্যয় কমেছে ১৯ কোটি ৪০ লাখ টাকা।
পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের আওতায় চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। নতুন হিসাব অনুযায়ী প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ কোটি ২১ লাখ টাকা। এর আগে দ্বিতীয় সংশোধনে ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৩৬২ কোটি ৬২ লাখ টাকা।
২০১৪ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির প্রথম অনুমোদন দেওয়া হয়। তখন ব্যয় ধরা হয়েছিল ৩২৬ কোটি ৮৪ লাখ টাকা। পরবর্তী সময়ে একাধিক সংশোধনের কারণে প্রকল্পটি বিলম্বিত হয়। সর্বশেষ সময়সীমা বাড়ানো হয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত।
প্রকল্পের মূল লক্ষ্য হলো খাল খননের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা কমানো, খালের দুই পাশে সড়ক নির্মাণের মাধ্যমে যোগাযোগব্যবস্থা উন্নত করা, যানজট হ্রাস, নগরবাসীর জন্য হাঁটার পথ তৈরী এবং বিনোদনের সুযোগ সৃষ্টি করা।
সংশোধিত নকশায় খালের দুই পাশের সড়কে টেকসই রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট (আরসিসি) ব্যবহার করা হবে, যাতে এক্সকাভেটর ও ডাম্প ট্রাকের মতো ভারী যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে।
২০২৪ সালের জুন পর্যন্ত প্রকল্পটির আর্থিক অগ্রগতি হয়েছে ৮৫ শতাংশ এবং ভৌত অগ্রগতি ৯৩ দশমিক ১৪ শতাংশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, প্রকল্প শেষ হলে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং নগরবাসীর জীবনমান উন্নত হবে।

