ফরিদপুরে পদ্মা নদী থেকে কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবেদুর রহমান আন্নুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গত ১৬ নভেম্বর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার নয় দিন পর তার মরদেহ উদ্ধার করা হলো।
সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ফরিদপুরের কবিরপুর খেয়াঘাট পয়েন্ট এলাকায় পদ্মা নদী থেকে নিখোঁজ শ্রমিকদল নেতা আন্নুর ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন জানান, রাতের দিকে ‘৯৯৯’-এ খবর পেয়ে পদ্মা নদীর কবিরপুর চর থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের কাছে থাকা মোবাইল ফোনের সিমকার্ড ব্যবহার করে পরিবারকে যোগাযোগ করা হলে তারা এসে শনাক্ত করেন।
এর আগে ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে এবং শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবেদুর রহমান আন্নু নিখোঁজ হন। ঘটনাটি নিয়ে তার স্ত্রী কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ জানায়, ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে
লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

