সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কারো পক্ষ নেবে না। তিনি বলেন, “আমরা বিবেক, আইন ও বিধিমালা মেনে কাজ করব—কারো হয়ে নয়।”
রোববার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সূচনায় এ কথা বলেন সিইসি। তিনি বলেন, আচরণবিধি পালন ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। নির্বাচন সংস্কার কমিশন ও ঐক্যমত কমিশনের পরামর্শে ইসির কাজ কিছুটা সহজ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে সিইসি সোশ্যাল মিডিয়ায় এআই ব্যবহার করে ‘মিথ্যা ও অপতথ্য’ ছড়ানোকে চিহ্নিত করেন। তিনি বলেন, “এটি আগের কোনো কমিশনকে মোকাবিলা করতে হয়নি। দেশের বাইরে থেকেও অপতথ্য ছড়ানো হচ্ছে, যা এখন বড় মাথাব্যথা।”
সিইসি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হবে।

