আর্জেন্টিনার একটি ফেডারেল আদালত সাবেক নাৎসি কর্মকর্তার মেয়ে ও তার স্বামীকে সোমবার (১ সেপ্টেম্বর) গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছেন। কয়েক দশক আগে নাৎসিদের দ্বারা চুরি হওয়া একটি আইকনিক চিত্রকর্ম উদ্ধারের জন্য চালানো অভিযানে ব্যর্থ হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত সপ্তাহে আর্জেন্টিনার উপকূলীয় শহর মার দে প্লাতায় একটি বাড়ি থেকে চিত্রকর্মটি উদ্ধারের জন্য কর্তৃপক্ষ তল্লাশি চালায়। একটি ডাচ পত্রিকার খবরে রিয়েল এস্টেট বিজ্ঞাপনে প্রকাশিত ছবির সূত্র ধরে এই তল্লাশি চালানো হয়, যেখানে দেখা যাওয়া ছবিটি বিশ্বযুদ্ধকালীন সময়ে হারিয়ে যাওয়া শিল্পকর্মের একটি ডাটাবেসে নিবন্ধিত ছিল। তবে এই অভিযানে চিত্রকর্মটি খুঁজে পাওয়া যায়নি।
১৭৪৩ সালে মারা যাওয়া ইতালীয় শিল্পী জিউসেপ্পে ঘিসলান্দি’র আঁকা ‘কন্তেসা কল্লিওনি’র এই প্রতিকৃতিটি প্রায় ৮০ বছর ধরে নিখোঁজ ছিল। সম্প্রতি এটি নাৎসি কর্মকর্তা ফ্রিডরিখ কাডগিয়েনের মেয়ে প্যাট্রিসিয়া কাডগিয়েনের মালিকানাধীন বলে ধারণা করা একটি বাড়ির বিজ্ঞাপনে দেখা যায়।
মার দে প্লাতার একজন বিচার বিভাগীয় কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, প্যাট্রিসিয়া কাডগিয়েন ও তার স্বামীকে সোমবার থেকে ৭২ ঘণ্টার জন্য গৃহবন্দি করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চিত্রকর্মটি খুঁজে বের করার তদন্তে বাধা দেওয়ার অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। বৃহস্পতিবারের আগে তাদের একটি শুনানিতে তলব করা হবে, যেখানে তাদের বিরুদ্ধে “গণহত্যার প্রেক্ষাপটে চুরি করা সম্পদ গোপন করার” অভিযোগ আনা হতে পারে।
ওই কর্মকর্তা আরও জানান, চিত্রকর্মটি খুঁজে বের করতে কর্তৃপক্ষ সোমবার কাডগিয়েন ও তাদের আত্মীয়দের সঙ্গে সম্পর্কিত বাড়িগুলোতে আরও চারটি নতুন অভিযান পরিচালনা করে। তদন্তকারীরা ১৮০০-র দশকে আঁকা বলে ধারণা করা আরও দুটি চিত্রকর্ম খুঁজে পেয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে তৃতীয় রাইখের পতনের পর বেশ কয়েকজন উচ্চপদস্থ নাৎসি কর্মকর্তা দক্ষিণ আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন।
ডাচ পত্রিকা ‘আলগেমেন দাগব্লাদ’-এর প্রতিবেদন অনুযায়ী, ‘কন্তেসা কল্লিওনি’র প্রতিকৃতিটি আমস্টারডামের শিল্প ব্যবসায়ী জ্যাক গুডস্টিক্কারের কাছ থেকে নাৎসিদের চুরি করা ১০০০টিরও বেশি শিল্পকর্মের মধ্যে অন্যতম ছিল। গুডস্টিক্কার ১৯৪০ সালে মারা যান।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নথি থেকে জানা যায় অ্যাডলফ হিটলারের সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ফ্রিডরিখ কাডগিয়েনের কাছে এই চিত্রকর্মটি ছিল, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর্জেন্টিনায় চলে এসেছিলেন। ফ্রিডরিখ কাডগিয়েন ১৯৭৯ সালে মারা যান, এই নাৎসি কর্মকর্তার মেয়ে প্যাট্রিসিয়া কাডগিয়েন আর্জেন্টিনায় বসবাস করছেন।
তথ্য ও ছবি : রয়টার্স

