দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী উল্লেখ করে তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (১৪ নভেম্বর) জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেটদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন ছাড়া দেশের অগ্রগতি অসম্ভব।
তিনি নতুন ক্যাডেটদের উদ্দেশে বলেন, নীতি-নৈতিকতা বজায় রেখে ভালো মানুষ হিসেবে দেশ ও জাতির জন্য কাজ করতে হবে। নারীদের দক্ষ করে গড়ে তুললেই ভবিষ্যৎ নেতৃত্ব আরও শক্তিশালী হবে বলেও উল্লেখ করেন সেনাপ্রধান।
অনুষ্ঠানে সেনাপ্রধান পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন এবং সাবেক ও বর্তমান ক্যাডেটদের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আরিফুল হক, এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা, জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও পুলিশ সুপার আবদুল ওয়াহাব উপস্থিত ছিলেন।

