সরকার ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ আবারও সংশোধন করতে যাচ্ছে। নতুন সংশোধনী অনুযায়ী, ইতিমধ্যে রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর অধীনে দেওয়া যেকোনো দণ্ড বা মামলা বাতিল বলে গণ্য হবে।
আজ (৯ অক্টোবর) বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিষয়টি বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
উপদেষ্টা পরিষদের অনুমোদন পাওয়া খসড়ায় বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩১ ধারার অধীনে দায়ের করা মামলাগুলো বাতিল বলে গণ্য হবে।
এর মধ্যে রয়েছে— আদালত বা ট্রাইব্যুনালে নিষ্পন্নাধীন মামলা, তদন্তাধীন কার্যক্রম, কিংবা পুলিশের কাছে থাকা যেকোনো অভিযোগ বা তদন্ত। এ ছাড়া ঐ ধারাগুলোর অধীনে দেওয়া যেকোনো দণ্ড ও জরিমানাও বাতিল বলে গণ্য হবে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, অধ্যাদেশটি দ্রুত গেজেট আকারে প্রকাশের প্রস্তুতি চলছে, যাতে সংশোধনের প্রভাব কার্যকর হয় এবং পূর্ববর্তী ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের কারণে ক্ষতিগ্রস্তদের স্বস্তি দেওয়া যায়।

