দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রক্রিয়ায় অনিয়ম এবং দলীয় পদ বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। তদন্তের অংশ হিসেবে আদালতে তাদের বিদেশযাত্রা বন্ধে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রদানের বিনিময়ে প্রায় ১৮ কোটি ১০ লাখ টাকা ঘুষ নেওয়া হয়। এর মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না হওয়ায় অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং পরবর্তীতে তার স্থলাভিষিক্ত হন শেরীফা কাদের।
দুদকের অভিযোগে বলা হয়েছে, জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যানের পদে বসেন এবং পরবর্তীতে দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন, যা বিদেশে পাচার করা হয়। বর্তমানে দলের কেন্দ্রীয় কমিটিতে অনুমোদিত ৩০১ জনের পরিবর্তে ৬০০-৬৫০ জন অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন দাবি করেছেন, জিএম কাদের ভিন্ন নামে সিঙ্গাপুর, লন্ডন ও সিডনিতে অর্থপাচার করেছেন। অন্যদিকে, জিএম কাদেরের ২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনের হলফনামা অনুযায়ী, তার নামে নগদ ৪৯ লাখ ৮৮ হাজার টাকা, ব্যাংক হিসাবে ৩৫ লাখ ৯৫ হাজার টাকা এবং প্রায় ৮৫ লাখ টাকার একটি জিপ গাড়ি রয়েছে। শেরীফা কাদেরের নামে নগদ ৫৯ লাখ ৫৯ হাজার টাকা, ব্যাংক হিসাবে ২৮ লাখ ৯ হাজার টাকা এবং ৮০ লাখ টাকার একটি জিপ গাড়ি রয়েছে। এছাড়া তার নামে ঢাকায় ফ্ল্যাট ও লালমনিরহাটে জমি রয়েছে।

