রাজধানীর বিজয়নগরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) বেলা ৩টা ১০ মিনিটের দিকে পানির ট্যাংকের বিপরীত পাশে অবস্থিত আত্-ত্বরীক টাওয়ারের ষষ্ঠতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের পথে রওনা হয়। পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে মোট পাঁচটি ইউনিট প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় বেলা ৩টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, ভবনটি একটি দশতলা বাণিজ্যিক টাওয়ার এবং আগুন লাগার উৎস এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণের কাজ চলছে।তিনি আরো বলেন, রমনা থানার মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দুটি ইউনিট পাঠানো হয় এবং পরিস্থিতি বিবেচনায় দ্রুত অতিরিক্ত তিনটি ইউনিট যোগ করা হয়।
প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া না গেলেও ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনে তল্লাশি অভিযান চালাচ্ছেন।

