সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও কণ্ঠস্বর নকল করে এআই প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
রোববার (১৬ নভেম্বর) জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিডিওটির সঙ্গে মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনো সম্পৃক্ততা নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের এআই-নির্মিত বিভ্রান্তিকর কন্টেন্ট জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং অর্থ উপদেষ্টার সামাজিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে। ভিডিওটি অপসারণ ও আইনগত ব্যবস্থায় যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সতর্ক করে জানায়, এসব ভুয়া কন্টেন্টে বিভ্রান্ত না হয়ে কোনো আর্থিক লেনদেনে না জড়াতে এবং অনলাইন প্রতারণা থেকে দূরে থাকতে জনসাধারণকে সতর্ক থাকতে হবে।

