জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিচারপ্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা দেখেননি বলে জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার তারিখ নির্ধারণের পর তিনি বলেন, মামলার সব পর্যায়ে তাঁকে কেউ বাধা দেয়নি এবং রাষ্ট্রপক্ষ থেকে প্রয়োজনীয় সব নথিপত্র পেয়েছেন। আমির জানান, পলাতক আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে আসামিদের অনুপস্থিতির কারণে কিছু সীমাবদ্ধতা ছিল।
হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার অপর আসামি ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন ইতিমধ্যে রাজসাক্ষী হয়েছেন। রায় ঘোষণার আগে তিনি ট্রাইব্যুনালের বিচারকদের ধন্যবাদ জানান এবং বিশ্বাস প্রকাশ করেন যে তাঁর মক্কেলরা খালাস পাবেন।

