প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষণা করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে ভোটাররা সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার বিষয়ক গণভোটে অংশ নেবেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, এতে নির্বাচন আরও উৎসবমুখর ও ব্যয় সাশ্রয়ী হবে।
ইউনূস আরো বলেন, জুলাই সনদের আলোকে প্রণীত “সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫” অনুযায়ী গণভোটের মাধ্যমে জনগণ চারটি বিষয়ে মতামত জানাবেন— নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, উচ্চকক্ষ গঠন, ক্ষমতার ভারসাম্য ও মৌলিক অধিকার সম্প্রসারণ। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ হলে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যারা ১৮০ কার্যদিবসের মধ্যে সংস্কার সম্পন্ন করবে।
অধ্যাপক ইউনূস একে বাংলাদেশের ইতিহাসে এক “অভূতপূর্ব গণতান্ত্রিক অগ্রযাত্রা” বলে অভিহিত করেন।

