বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ৫ আগস্টের পর ফ্যাসিবাদকে ক্ষমা করে দেওয়ার কথা বলা একটি দলের সঙ্গে আওয়ামী লীগের গভীর যোগাযোগ রয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমান আর্কাইভ আয়োজিত ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “নির্বাচন বিলম্বিত হওয়ায় ওৎ পেতে থাকা স্বৈরাচার উত্থানের আওয়াজ শোনা যাচ্ছে। অপরাধীদের পালিয়ে যাওয়ার কথা থাকলেও তারা কারসাজি করেই যাচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।”
তিনি অভিযোগ করেন, স্বৈরাচারের টাকার অভাব নেই—সব টাকা পাচার হয়নি, সেই অর্থ দিয়েই অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। কিছু গণমাধ্যম আওয়ামী লীগের খবর ফলাও করে প্রচার করছে, যাদের আইনগতভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রিজভী বলেন, “সরকারের ভেতরে দুর্বলতা বা ‘খুঁত’ আছে বলেই তারা আসল শত্রুকে নয়, বিএনপিকেই লক্ষ্যবস্তু করছে।”

