জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শোভাযাত্রা-পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “কয়েকটি দল নির্বাচনের আগেই গণভোট চাচ্ছে, যা নির্বাচনের প্রক্রিয়া বানচালের অংশ।” তিনি জানান, বিএনপি চায় গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হোক, কারণ দুটি ভোট একসঙ্গে হলে ব্যয়ও কমবে এবং বিভ্রান্তিও থাকবে না।
বিএনপি মহাসচিব আরও বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে, তা না হলে দেশের জনগণ তা মেনে নেবে না।” সমাবেশ শেষে নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা বের হয়।

