প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আগামীকাল ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্পসহ বিভিন্ন খাতে সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি সম্ভব বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “দেশ ও জনগণের উন্নয়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত অপরিহার্য। সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা বৈষম্যমুক্ত ও টেকসই সমাজ গড়ে তুলতে পারি।”
তিনি আরও বলেন, “দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই।”
সবার উদ্দেশে আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আসুন, সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় গড়ে তুলি নতুন বাংলাদেশ।”

