গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন, কিন্তু কোনো শক্তি নির্বাচন পিছিয়ে দিতে পারবে না।”
আজ (৩১ অক্টোবর) শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে, কিন্তু আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। প্রধান উপদেষ্টা যা সবচেয়ে উত্তম মনে করবেন, তাই করবেন।”
তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার বিচার দিনের তারিখ ঘোষণা করবে আদালত। চব্বিশের গণঅভ্যুত্থানে নারীর ভূমিকার প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, “স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে নারী-পুরুষ একসঙ্গে রাজপথে লড়েছে। এখন নারীরা পিছিয়ে নেই—সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে।”
তরুণদের জ্ঞান ও মেধার বিকাশে নোবিপ্রবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’। জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।

