চট্টগ্রামের রাউজান উপজেলায় র্যাবের অভিযানে এক বিএনপি কর্মীর বাড়ি থেকে বন্দুক ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের বাড়িতে এ অভিযান পরিচালনা করে র্যাব–৭।
র্যাব–৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, অভিযানে ১০টি বন্দুক, একটি এয়ারগান, ১৫টি কিরিচ, ৪টি রামদা, ১১টি কার্তুজ, ৪টি খোসা, ৩টি চাইনিজ কুড়াল, ৮টি লাঠি ও ১৮টি আতশবাজি উদ্ধার করা হয়। এছাড়াও সামান্য পরিমাণ গাঁজা ও একটি বিদেশি মদের বোতলও পাওয়া গেছে।
এ ঘটনায় স্থানীয় বিএনপি কর্মী মো. কামাল (সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে) এবং মো. সোহেল (শফিউল আলমের ছেলে) কে আটক করা হয়েছে। তবে, আটক কামাল দাবি করেন, উদ্ধারকৃত অস্ত্র তার নয় এবং কীভাবে এগুলো তার বাড়িতে এসেছে তিনি জানেন না।
র্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজানে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এসব হত্যার পেছনে রাজনৈতিক আধিপত্য, মাটি–বালুর ব্যবসা ও চাঁদাবাজির বিরোধ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

