সিলেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকের মুঠোফোন ভেঙেছেন সাদাপাথর ও বালু লুট–কাণ্ডে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী আবদুল ওয়াদুদ (আলফু)। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিমান্ড শুনানি শেষে তাঁকে আদালতের চতুর্থ তলা থেকে হাজতখানায় নেওয়ার সময় সাংবাদিকেরা ভিডিও ধারণ করছিলেন। সে সময় ওয়াদুদ ডিবিসি নিউজের সাংবাদিক নয়ন সরকারের মুঠোফোন কেড়ে ভেঙে ফেলেন। অন্যদিকে তাঁর ছেলে কাজী বায়জিদ আহমেদ আরেক সাংবাদিক বিশাল দের ফোন নিয়ে ভিডিও মুছে দেন।
এ ঘটনায় উপস্থিত পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করেছেন সাংবাদিকেরা। নয়ন সরকার অভিযোগ করেন, পুলিশ তাঁর ফোন নেওয়ার সময় নীরব ছিল। সিলেট আদালত পুলিশের পরিদর্শক জামশেদ আলম বলেন, “আসামি এক সাংবাদিকের ফোন ভেঙেছেন। ফোনটি আমাদের হেফাজতে আছে। অভিযোগ দিলে আমরা সহযোগিতা করব।”
আবদুল ওয়াদুদ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও তেলিখাল ইউপির চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে সাদাপাথর ও বালু লুট, হত্যা, ছাত্র আন্দোলনে হামলাসহ ১৯টি মামলা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, ওয়াদুদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল, আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

