পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নিশ্চিত করেছেন, নেপালে থাকা বাংলাদেশিরা নিরাপদে রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে তারা দেশে ফিরতে পারবেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন।
উপদেষ্টা জানান, “পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত আমরা সরাসরি কিছু করতে পারছি না। ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে বিমান চলাচল স্বাভাবিক হলে তাদের দেশে ফেরানো সম্ভব হবে।” ভারত হয়ে ফেরানোর সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, “কারও কাছে ভারতীয় ভিসা নেই, তাই আমাদের অপেক্ষা করতে হবে।”
তিনি আরও বলেন, অস্থিরতার সময় একটি ইতিবাচক ইঙ্গিত দেখা গেছে। বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের জন্য হোটেল তল্লাশি করার সময় বাংলাদেশি ফুটবল দলের সদস্যদের বিরক্ত না করেই চলে গিয়েছে। তৌহিদ হোসেন আশ্বাস দেন, “নেপালে থাকা বাংলাদেশিদের প্রতি কোনো নেতিবাচক মনোভাব নেই এবং আমি কোনো সংকটের আশঙ্কা করছি না।”
উপদেষ্টা উল্লেখ করেন, কাঠমান্ডুর দূতাবাস নেপালে থাকা বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তিনি আশা প্রকাশ করেন যে সবাই নিরাপদে দেশে ফিরে আসবে, তবে এতে কিছুটা সময় লাগতে পারে।
তৌহিদ হোসেন জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন সম্পর্কেও বলেন, “যদি রাশিয়া ও ইউক্রেনের সংঘর্ষ অঞ্চলে জাতিসংঘ একটি বাফার জোনে বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের চেষ্টা করে, বাংলাদেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানাবে। এটি পুরোপুরি জাতিসংঘের সিদ্ধান্তের বিষয়।” তিনি আশা প্রকাশ করেন, উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হলে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তিরক্ষা অবদানের কথাও উল্লেখ করেন এবং বলেন, “আমাদের অভিজ্ঞতা বিবেচনায়, এমন পরিস্থিতি দেখা দিলে আমরা অবশ্যই অংশগ্রহণ করতে চাই।” এছাড়া, বাংলাদেশ ও ভারতের মধ্যে পানিবণ্টন চুক্তি নিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত যৌথ নদী কমিশন (জেআরসি) বৈঠকের আপডেট পেলে তা সংবাদ মাধ্যমে জানানো হবে বলেও তিনি জানান।

