ঢাকায় আবার জাতীয় পার্টি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিক্ষুব্ধ একদল মানুষ হঠাৎ কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়।
রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি দল জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা ভেতরের কিছু আসবাবপত্র ভাঙচুর করে ও আগুন ধরানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে কয়েকজন যুবক স্লোগান দিতে দিতে কার্যালয়ের সামনে আসে। কিছুক্ষণ পর তারা একাধিকবার হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। স্থানীয় এক দোকানি জানান, কয়েকজন যুবক স্লোগান দিতে দিতে অফিসে ঢুকে ভাঙচুর শুরু করে। অল্প সময়ের মধ্যে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে পুলিশ আসলে তারা পালিয়ে যায়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম ভুঁইয়া অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের ব্যানার নিয়ে আসা মিছিল থেকেই এ হামলা চালানো হয়। তার দাবি, হামলাকারীরা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিয়ে অগ্নিসংযোগ করে।
তিনি বলেন, “আমরা নির্বাচন করেছি বলে যদি নিষিদ্ধ হতে হয়, তাহলে অন্যান্য দল যারা নির্বাচনে অংশ নিয়েছে, তাদেরও নিষিদ্ধ হওয়া উচিত। প্রকৃতপক্ষে জাতীয় পার্টি এখন একটি শক্ত অবস্থানে আছে। আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিরোধী দলের ভূমিকা নেবো। তাই রাজনৈতিকভাবে আমাদের দুর্বল করার জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে।”
উল্লেখ্য, এর আগেও একাধিকবার জাতীয় পার্টি কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে।

