আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে নতুন বিধান যুক্ত হওয়ায় এখন থেকে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র গৃহীত হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়া বা বহাল থাকার যোগ্যতা হারাবেন। একইভাবে ওই ব্যক্তি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র কিংবা প্রশাসক পদে নির্বাচিত হওয়া বা দায়িত্ব পালনের অযোগ্য হবেন।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এ নতুনভাবে সেকশন ২০ (সি) যুক্ত করা হয়েছে। এই ধারা অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে সেকশন ৯(১)-এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে প্রার্থী হওয়ার কিংবা বহাল থাকার যোগ্য থাকবেন না। একইসঙ্গে তিনি স্থানীয় সরকারের কোনো নির্বাচিত পদেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
প্রেস সচিব আরও জানান, নতুন বিধান অনুযায়ী আইসিটি আইনে আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হলে অভিযুক্ত ব্যক্তি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়ার কিংবা অন্য কোনো সরকারি পদে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য বলে গণ্য হবেন।
আইন সংশোধনের এই পদক্ষেপকে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অংশ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে গুরুতর অভিযোগের মুখোমুখি ব্যক্তিরা রাজনীতি বা সরকারি দায়িত্ব পালনের বাইরে থাকবেন বলে আশা করা হচ্ছে।

