রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ২১ জুলাইয়ের ভয়াবহ যুদ্ধবিমান বিধ্বস্তের ১২ দিন পর অবশেষে রোববার (৩ আগস্ট) খুলছে। শিক্ষা কার্যক্রম শুরু না হলেও প্রথম দিনে নিহত ও আহতদের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। এদিন কোনো ক্লাস বা পরীক্ষা হবে না।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই স্মরণসভায় উপস্থিত থাকবেন নিহতদের পরিবার, শিক্ষার্থী, শিক্ষক ও কলেজ প্রশাসনের কর্মকর্তারা। পাশাপাশি, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার দিক বিবেচনায় নেওয়া হবে বেশ কিছু সহায়ক উদ্যোগ।
শনিবার (২ আগস্ট) দিয়াবাড়ি ক্যাম্পাসে আয়োজিত শোক ও দোয়া মাহফিলে কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর খান এক আবেগঘন বক্তব্যে বলেন, “আমি নিয়মিত ক্লাস টাইমে বারান্দায় থাকি, তবে ওইদিন শিক্ষক নিয়োগ বোর্ডের ডাকে সাক্ষাৎকার নিতে গিয়ে দুর্ঘটনার স্থান থেকে মাত্র ৭-৮ মিনিট আগেই সরে এসেছিলাম। না গেলে হয়তো আমিও লাশ হয়ে যেতাম।”
তিনি আরও বলেন, “দুর্ঘটনার সময় স্কুল ছুটি হয়েছিল, যদি ২-৩ মিনিট আগে বিমানটি বিধ্বস্ত হতো, তাহলে আরও অনেক প্রাণহানি হতো।”
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি মানসিক ট্রমা থেকে শিক্ষার্থীদের পুনরুদ্ধারে বিশেষ কাউন্সেলিং সেশন চালু করা হবে। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বাভাবিক অবস্থায় ফেরানোই এখন প্রধান অগ্রাধিকার।
দুর্ঘটনায় নিহত সহকারী শিক্ষক মাসুকা বেগমের সাহসিকতা স্মরণ করে তার সহকর্মীরা জানান, তিনি চাইলে নিজে পালিয়ে বাঁচতে পারতেন, কিন্তু শিক্ষার্থীদের রক্ষা করতেই প্রাণ দিয়েছেন। মাসুকার দুলাভাই জানান, তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
নিহত ছাত্র জারিফ হাসানের বাবা হাবিবুর রহমান জানান, “জারিফ সেদিন স্কুলে যেতে চায়নি। ও খুব প্রাণবন্ত আর বন্ধুবান্ধবদের সঙ্গে মিশুক ছিল।” অনুষ্ঠানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ধীরে ধীরে স্বাভাবিক শিক্ষাব্যবস্থায় ফেরার প্রস্তুতি নিচ্ছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু করা হবে। তবে এই পথ সহজ নয়, কারণ পুরো প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা এখনো গভীর শোক ও মানসিক ধাক্কার মধ্যে রয়েছে।

