সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জবানবন্দিতে উঠে এসেছে, শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশেই জুলাই গণ-অভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে গুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সূত্র অনুসারে ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, “আন্দোলন দমনের উদ্দেশ্যে হেলিকপ্টার ব্যবহার করে নজরদারি, গুলি ও ভয়ভীতি সৃষ্টির পরিকল্পনা হয়। এটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। আমি এই অপারেশনে যুক্ত ছিলাম না।”
তিনি আরও জানান, র্যাবের মহাপরিচালক হারুন অর রশিদ ও সেনাবাহিনীর সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়।
জবানবন্দিতে সাবেক আইজিপি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত হয়। তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমাকে বিষয়টি অবহিত করেন। অতিরিক্ত ডিআইজি প্রলয় জোয়ারদার, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং ডিবি প্রধান হারুন অর রশিদ এই নির্দেশ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন।”
ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নেতৃত্বে ‘ব্লক রেইড’ পরিচালনা করা হয়। আন্দোলনপ্রবণ এলাকাগুলো ভাগ করে ভয়ভীতি ছড়ানো হয়। সাবেক আইজিপির ভাষায়, “সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে এক শ্রেণির পুলিশ কর্মকর্তা অতিমাত্রায় উৎসাহী হয়ে উঠেছিলেন।”

