জুলাই গণ-অভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে পৃথক অভিযোগে মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। যে অভিযোগে তাঁদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন।
তিনি বলেন, রায় সংগ্রহের পর দেখা গেছে—একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং আরেকটিতে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। প্রসিকিউশন প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, আমৃত্যু দণ্ডের বিপক্ষে আপিল বিভাগে আবেদন জানানো হবে, যাতে শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া যায়। আইনে রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। ১৭ নভেম্বর ঘোষিত এই রায়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
