যুক্তরাষ্ট্রে টানা পঞ্চমবারের মতো বাজেট বিল পাসে ব্যর্থ হয়েছে সিনেট, ফলে দেশটিতে সরকারি কার্যক্রমের অচলাবস্থা বা শাটডাউন অব্যাহত রয়েছে। ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিল পাসের জন্য ৬০টি ভোট প্রয়োজন হলেও, ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই দলের প্রস্তাবই সেই সীমা অতিক্রম করতে পারেনি।
এই ভোটের আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছিলেন, সিনেট আবারও ব্যর্থ হলে কেন্দ্রীয় সরকারের কর্মীদের গণহারে ছাঁটাই করা হবে। বর্তমানে তহবিল সংকটে পড়ে হাজারো সরকারি কর্মী পাঁচ দিন ধরে বিনা বেতনে কাজ করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলমান অচলাবস্থার মূল কারণ ট্রাম্পের রিপাবলিকান প্রশাসন ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক দলের মধ্যে দ্বন্দ্ব। ডেমোক্র্যাটরা তাদের স্বাস্থ্যনীতি বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দ দাবি করছে, কিন্তু রিপাবলিকানরা এতে ভেটো দিচ্ছে। এর ফলে সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় বাজেটও আটকে গেছে।
তবে ট্রাম্প সম্প্রতি আপসের ইঙ্গিত দিয়েছেন। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি লিখেছেন,
“আমি ডেমোক্র্যাটদের ব্যর্থ স্বাস্থ্যনীতি বা অন্য যে কোনো বিষয় নিয়ে কাজ করতে প্রস্তুত। কিন্তু প্রথমে আমাদের সরকার সচল করতে হবে, আজ রাতেই।”
সিনেট নতুন যে বাজেট বিল প্রস্তুত করা হয়েছে, তাতে ডেমোক্র্যাটদের স্বাস্থ্যনীতির কয়েকটি মূল উপাদান বাদ দেওয়া হয়েছে। ডেমোক্র্যাটরা অভিযোগ করছে, এই বিল স্বল্প আয়ের আমেরিকানদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তারা দাবি করেছে, স্বাস্থ্যখাতে যেসব বরাদ্দ কমানো হয়েছে, সেগুলো পুনর্বহাল করতে হবে এবং হেলথ ইন্সুরেন্সের ভর্তুকি যেন বন্ধ না হয় তা নিশ্চিত করতে হবে।

