বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সন্ত্রাসবিরোধী লড়াই সরকারের শীর্ষ অগ্রাধিকার এবং এ বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।
সোমবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠককালে এ মন্তব্য করেন তিনি। প্রায় ৪০ মিনিটব্যাপী ওই বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, “সন্ত্রাসীদের আমরা কোনোভাবেই সহ্য করব না। সর্বশক্তি দিয়ে আমাদের মাটি থেকে তাদের উচ্ছেদ করব।”
বৈঠকে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা হয়। জ্যাকবসন জানান, আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের এই রূপান্তর চূড়ান্ত রূপ পাবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী।
প্রধান উপদেষ্টা বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরেন। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে ঐক্য গঠনের জন্য কমিশন যে উদ্যোগ নিচ্ছে, তা ইতিবাচক। আমি বিশ্বাস করি, অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা কঠোর পরিশ্রম করছেন এবং তারা ভালো কাজ করছেন।”
উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনার অগ্রগতিও বৈঠকে উঠে আসে। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করতে সম্মত হয়।


