নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পরিবারের সাতজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার জগদিশপুর এলাকায় চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন তার স্ত্রী, সন্তান ও আত্মীয়দের নিয়ে মাইক্রোবাসযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী মাইক্রোবাসটি সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়।
ঘটনাস্থলেই বাহার উদ্দিনের স্ত্রী কবিতা, কন্যা মিমসহ সাতজনের মৃত্যু হয়। আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো হতাহতদের পূর্ণ পরিচয় জানানো হয়নি।
ঘটনার পরপরই চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানিয়েছেন, ভোর ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৬টা ৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়।
হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের পাশাপাশি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাটি এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া ফেলেছে। সড়ক নিরাপত্তার প্রশ্নে তাদের ক্ষোভও প্রকাশ পেয়েছে।

