বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন অবসানের পথে। বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তে শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, চলতি বছরের ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের সাড়ে সাত শতাংশ বাড়ানো হবে। এছাড়া আগামী বছরের জুলাই মাস থেকে আরও সাড়ে সাত শতাংশ বাড়ানো হবে।
প্রধান উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের দাবি যৌক্তিক বলে মনে করে। তবে ১৫ বছরের দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়ায় আছে। এখনই মূল বেতনের ২০ শতাংশ বৃদ্ধির মতো আর্থিক সক্ষমতা রাষ্ট্রের হয়নি, তাই বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হয়েছে।”
শিক্ষকদের দাবি নিয়ে গত কয়েকদিনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা আশা করি শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবেন।”

