মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক চাইলেও তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ১৯ অক্টোবরের মধ্যে দলটিকে বিদ্যমান তালিকা থেকে প্রতীক বেছে নিয়ে জানাতে বলা হয়েছে। সময়ের মধ্যে না জানালে কমিশন নিজ বিবেচনায় দলটিকে প্রতীক বরাদ্দ দেবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।

আখতার আহমেদ বলেন, “শাপলা প্রতীকের বিষয়ে কমিশনের অবস্থান পরিষ্কার। নির্বাচন পরিচালনা বিধিমালায় এই প্রতীক নেই, তাই তা দেওয়ার সুযোগও নেই। আমরা দলটিকে লিখিতভাবে জানিয়েছি, আগামী ১৯ অক্টোবরের মধ্যে বিকল্প চাহিত প্রতীক জানাতে হবে। না জানালে কমিশন নিজ পদ্ধতিতে সিদ্ধান্ত নেবে।”

তিনি আরও জানান, দুই দলের বাইরে আরও ১২টি রাজনৈতিক দলের নিবন্ধনের তথ্য পুনঃযাচাই করা হচ্ছে। কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে অনুসন্ধান চলছে এবং আগামী সপ্তাহে কোন কোন দল নিবন্ধন পেতে যাচ্ছে তা চূড়ান্ত করা হবে।

রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা অতিরিক্ত তথ্যানুসন্ধানের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ করেছি। সচিবালয় ও মাঠ পর্যায়—দুই জায়গা থেকেই তথ্য যাচাই চলছে। আশা করছি, আগামী সপ্তাহেই একটি চূড়ান্ত অবস্থানে আসতে পারব।”

আগামী ২০ অক্টোবর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা অনুষ্ঠিত হবে বলেও জানান ইসি সচিব।

তিনি আরও বলেন, “প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ ডেভেলপমেন্টের কাজ প্রায় শেষ পর্যায়ে। অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের প্রথম সপ্তাহে এটি উদ্বোধন করা হবে।”

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “নির্বাচনের প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া। জাতীয় নির্বাচন শেষে স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন নিয়েও প্রস্তুতি অব্যাহত থাকবে।”

Share.
Exit mobile version