বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ায় গভীর উদ্বেগ ও সহমর্মিতা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (৮ অক্টোবর ) ২০২৫ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, শহিদুল আলম যে নৌবহরে ছিলেন, সেটি ইসরায়েলি বাহিনী আটক করেছে। শহিদুল জানিয়েছেন, তাঁরা এখন ‘ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে অপহৃত’ অবস্থায় আছেন।
প্রেস সচিব বলেন, হাসিনা সরকারের সময় কারাবন্দি অবস্থায় যে অসাধারণ সাহস ও দৃঢ়তা শহিদুল দেখিয়েছিলেন, সেই মানসিক শক্তিই এবারও তাঁকে এই দুঃসময় অতিক্রম করতে সাহায্য করবে।
তিনি আরও বলেন, “শহিদুল আলমের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন, তবে একই সঙ্গে আমাদের দৃষ্টি রাখতে হবে গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও গণহত্যার প্রতিও। এটি কেবল এক মানবিক বিপর্যয় নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও এক নৈতিক পরীক্ষা।”
শফিকুল আলম শহিদুল আলমসহ নৌবহরের সব যাত্রীর অবিলম্বে মুক্তি দাবি করেন। তাঁর ভাষায়, “শহিদুল বাংলাদেশের অবিচল মানবিক চেতনার উজ্জ্বল প্রতীক।”
সবশেষে প্রেস সচিব শহিদুল ও তাঁর সঙ্গীদের নিরাপত্তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

