রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামে আগুন লাগার পর এখনো ধোঁয়া ও বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে। এই গ্যাসে আক্রান্ত হয়ে পাশের পোশাক কারখানার অন্তত ৩০ থেকে ৪০ জন শ্রমিক অসুস্থ হয়েছেন।
আজ বুধবার সকালে রাইজিং ফ্যাশন লিমিটেড নামের কারখানায় কর্মরত শ্রমিকেরা কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট, কাশি ও বমি করতে থাকেন। তাদের মধ্যে কয়েকজন জ্ঞান হারান। পরে আহতদের স্থানীয় স্বপ্ন জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান জানান, “সকালে অন্তত ৭-৮ জন শ্রমিককে চিকিৎসা দেওয়া হয়। একজন অজ্ঞান ছিলেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।”
দুপুরে গিয়ে দেখা যায়, পোশাক কারখানাটি বন্ধ করে গেট তালা দেওয়া হয়েছে। এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভানো হলেও গুদাম থেকে এখনো বিষাক্ত গ্যাস বের হচ্ছে। উৎসুক জনতাকে ৩০০ গজ দূরে থাকার অনুরোধ জানিয়ে মাইকিং করছে তারা।

