রাজনৈতিক চেতনার ব্যবসা যাঁরাই করেন, তাঁদের পরিণতি কখনোই শুভ হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম’-এর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার একক মালিকানা দাবি করতে করতে আজ বিলুপ্তপ্রায় হয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, ২৪-এর ছাত্র গণ–অভ্যুত্থানের চেতনা কোনো একক রাজনৈতিক দলের সম্পত্তি নয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণমানুষের প্রত্যাশা পূরণে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা প্রয়োজন। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রসঙ্গে তিনি দাবি করেন, আন্তর্জাতিক মান বজায় রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতের রাষ্ট্রনায়কদের এ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর উদ্দেশে সালাহউদ্দিন আরো বলেন, জনগণের ভোটাধিকারের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিলে জাতি তাদের আবারও প্রত্যাখ্যান করবে। আওয়ামী লীগের ভারত আশ্রয় নেওয়ার সমালোচনা করে তিনি দলটিকে মাফিয়া–ফ্যাসিস্ট শক্তি হিসেবে অভিহিত করেন। সমাবেশ শেষে শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত মিছিল বের করা হয়।

