গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। বিবিসিকে ই-মেইলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং “ক্যাঙ্গারু কোর্টের সাজানো প্রহসন” হিসেবে উল্লেখ করেন।
তিনি দাবি করেন, তার অনুপস্থিতিতে পরিচালিত বিচার রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রণাধীন এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। জুলাই–অগাস্টের আন্দোলন দমনে হত্যার উসকানি, প্ররোচনা ও কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগে প্রসিকিউশন তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়েছে। একই মামলায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও আসামি।
হাসিনা আরো বলেন, তিনি কখনোই নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর নির্দেশ দেননি এবং অভিযোগগুলো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই তোলা হয়েছে। বিচারপ্রক্রিয়া নিয়ে আইনজীবীরা জাতিসংঘের কাছে জরুরি হস্তক্ষেপের আবেদন করেছেন।

