বুধবার | মার্চ ৪ | ২০২৬

জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাঁচ অভিযোগের মধ্যে দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড ও একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও এক অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন। অ্যাপ্রুভার হিসেবে সহযোগিতা করায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের প্যানেল এই রায় ঘোষণা করেন। অভিযোগগুলোতে উসকানিমূলক বক্তব্য, আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী হামলার নির্দেশ, রংপুর ও ঢাকায় হত্যাকাণ্ড এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত ছিল।

রায় ঘোষণার সময় শেখ হাসিনা ও কামাল পলাতক ছিলেন এবং তারা বর্তমানে ভারতে অবস্থান করছেন। মামলায় ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন; অডিও–ভিডিওসহ বিভিন্ন প্রমাণ উপস্থাপন করা হয়। এটি জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধে প্রথম রায়।

Share.
Exit mobile version