দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চার মাস পর আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। সরকারের অনুমতি পাওয়ার পর মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বেশ কয়েকটি ট্রাকে করে প্রথম চালান বন্দরে প্রবেশ করে।
বন্দরের সায়রাম ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান এই চালান আমদানি করে। প্রতিষ্ঠানটির মালিক ললিত কেশরা জানান, বাজারে সরবরাহ বাড়াতে ও দাম স্থিতিশীল রাখতে এখন পর্যন্ত বন্দরের ২৮ জন আমদানিকারক চাল আমদানির অনুমতি পেয়েছেন।
বন্দরের উপ-সহকারী ইউসুফ আলী জানান, মঙ্গলবার বিকাল পর্যন্ত অনুমতিপ্রাপ্ত ২৮ জন আমদানিকারক ভারত থেকে মোট ৪০ হাজার মেট্রিক টন চাল আমদানি করতে পারবেন। পর্যায়ক্রমে আরও আমদানিকারকদের অনুমতি দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
আমদানিকারকরা আশা করছেন, নতুন চাল বাজারে এলে দাম কমে ভোক্তারা স্বস্তি পাবেন। গত ১৫ এপ্রিল থেকে দেশে চাল আমদানি বন্ধ ছিল।

