বিএনপির মূল লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা, যা এখনও পূর্ণতা পায়নি বলে মত প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামী রমজানের আগেই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ষোলো বছর পর আবার ভোট দেওয়ার সুযোগ পাবে।
বুধবার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশের মানুষ নানা ধরনের অধিকারবঞ্চনার শিকার। দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তকারীদের কারণে ভয়াবহ এক ষড়যন্ত্রের মধ্যে জাতিকে বসবাস করতে হচ্ছে। রমজানের আগেই একটি নিরপেক্ষ নির্বাচন হতে হবে, যাতে জনগণ তাদের বহু প্রতীক্ষিত ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
তিনি আরও বলেন, একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের মনে নিরাপত্তা থাকতে হবে, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আদালত হতে হবে অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল। এ ধরনের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সংগ্রাম করছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নজরুল ছিলেন মানবতা, প্রেম ও দ্রোহের কবি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, নব্বইয়ের গণআন্দোলন কিংবা সাম্প্রতিক গণঅভ্যুত্থান— প্রতিটি আন্দোলনে তার গান ও কবিতা মানুষকে প্রেরণা জুগিয়েছে। রাজপথে স্বৈরশাসনের গুলির সামনে দাঁড়ানোর সাহসও আমরা পেয়েছি নজরুলেরই গান থেকে।”
কাজী নজরুল যেমন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে কলম চালিয়েছেন, তেমনি তার লেখা থেকে পাওয়া চেতনা আজও সংগ্রামের অনুপ্রেরণা জোগায় জানিয়ে রিজভি বলেন, বিএনপির আন্দোলন, বিশেষ করে সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানেও সেই প্রেরণার প্রতিফলন ঘটেছে বলে দাবি করেন রিজভী।

