চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ এবং পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে এবং পোস্টদাতা যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
পুলিশ জানায়, আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার সামনে দিয়ে মিছিল চলাকালে অবমাননাকর অঙ্গভঙ্গি করে তা ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় কওমি জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে এক ভিডিওবার্তায় ইব্রাহিম নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করলেও পরিস্থিতি শান্ত হয়নি।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে অন্তত ২০ জন আহত হন। পরে মাদরাসা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার ও সড়ক ছেড়ে মাদরাসায় ফিরে যাওয়ার আহ্বান জানায়। কয়েক ঘণ্টার বিক্ষোভের পর কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মুমিন জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে মিরেরহাট থেকে এগারোমাইল সাবস্টেশন পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, যা রবিবার বিকেল ৩টা পর্যন্ত কার্যকর থাকবে। তিনি আরও বলেন, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত এলাকায় যেকোনো ধরনের সমাবেশ, মিছিল বা বিক্ষোভ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
হাটহাজারীতে ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
