প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম জানান, উপদেষ্টামণ্ডলীর সাম্প্রতিক বৈঠকে স্থানীয় প্রশাসনকে সব পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
তিনি বলেন, ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আসন্ন দুর্গাপূজার সময়ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়কে সব ধর্মীয় নেতাদের সঙ্গে সমন্বয় রক্ষা করতে বলা হয়েছে, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে।
শফিকুল আলম আরও উল্লেখ করেন, পরাজিত শক্তি বেপরোয়া হয়ে সার্বিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। তাই নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করার নির্দেশও দেওয়া হয়েছে।

