ফরিদপুরের সালথায় কৃষকলীগ নেতা আব্দুর রহিম মাতুব্বর ওরফে চাঁন মিয়াকে (৬৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে জুম্মার নামাজের কিছুক্ষণ পুর্বে সালথা উপজেলার সোনাপুর বাজারে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহিম মাতুব্বর ওরফে চাঁন মিয়া উপজেলার মিনাজদিয়া গ্রামের মৃত জয়নুদ্দিন মাতুব্বরের ছেলে। তিনি উপজেলা কৃষকলীগের সহসভাপতি ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, এলাকায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে কৃষকলীগ নেতা আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁকে বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি বাবলুর রহমান খান।
শুক্রবার দুপুরেই একটি পেন্ডিং মামলায় (সালথা থানার এফআইআর নং-৫, তারিখ- ০৫ এপ্রিল, ২০২৫; জি আর নং-৫৭, ৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১৪৩/১৪৭/৪৪৭/৪৪৮/৩২৪ পেনাল কোড ১৮৬০; তৎসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ ৪৩৫/৪৩৬/৩৮০/৪২৭/৫০৭/১১৪) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাঁকে জেলহাজতে প্রেরণ করে।
এদিকে গ্রেপ্তারকৃত‘র পরিবার জানায়, তিনি কৃষকলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও ৫ আগস্ট ২০২৪ এর পর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। তাছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে ৪ বছর আগে বহিষ্কারের শিকার হন।

