মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের প্রশংসা ও স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং আগামী নির্বাচনে এই সুযোগ বাস্তবায়নের আশা করছে।

মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা বলেন, “আপনারা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করব।”

সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার প্রবাসীদের সঙ্গে সরাসরি আলোচনা করছে এবং তাদের ন্যায্য অভিযোগ সমাধানে পদক্ষেপ নিচ্ছে। পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে একটি উদ্যোগ চালু হচ্ছে, যা সরকারি সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দেবে। পাশাপাশি, একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে যাতে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিরা একই প্ল্যাটফর্মে সংযুক্ত থাকতে পারেন।

দেশের অর্থনীতিকে স্থিতিশীল করার ক্ষেত্রে প্রবাসীদের অবদান তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তিকর। অর্থনীতি ঘুরে দাঁড়াতে প্রবাসীদের অবদান অনন্য।” তিনি আরও জানান, সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে এবং ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে আলোচনা হয়েছে।

সভায় মালয়েশিয়া প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আলোচনা হয়, যার মধ্যে রয়েছে দূতাবাসে জনবল বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা, অনিয়মিত অবস্থায় থাকা প্রবাসীদের নিয়মিতকরণ এবং মালয়েশিয়ার বাণিজ্য ও শিল্পক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ।

মতবিনিময় সভায় বিভিন্ন পেশা, সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

Share.
Exit mobile version