গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আক্রমণের ধরন এবং আঘাতের স্থান দেখে তা স্পষ্ট বোঝা যায়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় নুরের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, “যারাই আঘাত করুক, হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে। এটা একেবারেই পরিষ্কার।”
তিনি জানান, নুর আগের চেয়ে কিছুটা সুস্থ হলেও আশঙ্কা পুরোপুরি কাটেনি। তার শরীরের কয়েকটি স্থানে গুরুতর আঘাত রয়েছে এবং মস্তিষ্কে আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে। ফখরুল বলেন, “চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জেনেছি, এখানে কোনো চিকিৎসাগত ত্রুটি হয়নি। সবকিছু যথাযথভাবে চলছে। তবে কিছুদিন বিশ্রামের পর তার বিস্তারিত মূল্যায়ন প্রয়োজন। এখনো তিনি খেতে পারছেন না, পাইপের মাধ্যমে তরল খাবার নিতে হচ্ছে। সুস্থ হতে সময় লাগবে।”
নুরের চিকিৎসার বিষয়ে তিনি আরও বলেন, প্রয়োজনে তাকে দেশের বাইরে পাঠানো দরকার। এ ধরনের আঘাতের ক্ষেত্রে উন্নত চিকিৎসা জরুরি হতে পারে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মির্জা ফখরুল বলেন, “অভ্যুত্থানের পরও যদি আমাদের নেতাদের ওপর এভাবে আক্রমণ হয়, তাহলে সাধারণ মানুষ কী অবস্থায় আছে তা সহজেই অনুমান করা যায়। এটা কোনোমতেই মেনে নেওয়া যায় না।”
নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করার নিন্দা জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন, তা দ্রুত শেষ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
