জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো সাংবিধানিক বাধা নেই। জুলাই সনদের বিষয়বস্তু জনগণের কাছে উন্মুক্ত থাকবে এবং এই গণরায়ই হবে চূড়ান্ত। তিনি আরও জানান, নতুন সংসদ গণভোটের রায় মানতে বাধ্য থাকবে।
বিএনপির এই নেতা বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রায় সব বিষয়ে একমত হয়েছে দলগুলো। এ সময় তিনি জানান, জুলাই জাতীয় সনদ ২০২৫ নামে একটি অধ্যাদেশ জারি করা যেতে পারে। তবে যেসব বিষয়ে মতপার্থক্য আছে, তা সংশ্লিষ্ট দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে।
তিনি আরও বলেন, বিএনপি ১০৬ অনুচ্ছেদের আওতায় বিচার বিভাগের পরামর্শ নেওয়ার প্রস্তাব থেকে সরে এসেছে। এখন দলটি জুলাই জাতীয় সনদ ২০২৫ অধ্যাদেশ জারি এবং পরে গণভোট আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে।
