বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। তিনি সতর্ক করে বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে সাধারণ নির্বাচন না হলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।”
মঙ্গলবার (১১ নভেম্বর ) ঠাকুরগাঁও-১ আসনের বড়গাঁও ইউনিয়নের কেকে বাড়ি উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে ফখরুল বলেন, তারা নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় নির্বাচন পেছাতে চায়। পিআর পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, এতে জনগণ নয়, দলীয় কেন্দ্র থেকে এমপি নির্ধারিত হবে—যা গণতন্ত্রের পরিপন্থী।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্যমূল্যে সার-বীজ দেওয়া হবে এবং পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপণ্যে ভর্তুকি দেওয়া হবে। রংপুর অঞ্চলের উন্নয়নে ৩৫০ কোটি টাকার সমন্বিত প্রকল্পের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন ডা. আহম্মদ আলী। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, আব্দুল হামিদ ও মাহবুব হোসেন তুহিন।

