মঙ্গলবার | সেপ্টেম্বর ১ | ২০২৬

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশে বোকো হারাম জঙ্গিদের হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ক্যামেরুন সীমান্তের কাছে দারুল জামা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। খবর দিয়েছে আল জাজিরা।

গ্রামবাসীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলে করে আসা সশস্ত্র বোকো হারাম সদস্যরা নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিহতের সঠিক সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সরকার-সমর্থিত মিলিশিয়ার কমান্ডার বাবাগানা ইব্রাহিম এএফপিকে জানান, নিহতদের মধ্যে ছয় সেনাসদস্যসহ মোট ৫৫ জন রয়েছেন। তবে দারুল জামার এক স্থানীয় নেতা রয়টার্সকে বলেন, শনিবার সকাল পর্যন্ত অন্তত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ আছেন।

তিনি আরও জানান, জঙ্গিরা ঘরে ঘরে গিয়ে পুরুষদের হত্যা করেছে এবং নারীদের ছেড়ে দিয়েছে। প্রায় প্রতিটি পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি অনুযায়ী, হামলায় অন্তত ২০টি ঘরবাড়ি ও ১০টি বাস ধ্বংস করা হয়েছে।

এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ার সেনাবাহিনী বোরনো রাজ্যে বোকো হারাম ও তাদের সহযোগী আইএসআইএল (আইএসআইএস)-এর শাখা আইএসডব্লিউএপি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। নিরাপত্তা সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, এই অঞ্চলের নিয়ন্ত্রণ বর্তমানে বোকো হারামের কমান্ডার আলি এনগুল্ডের হাতে রয়েছে বলে ধারণা করা হয়, এবং তিনিই এই হামলার নেতৃত্ব দিয়েছেন।

দারুল জামার বাসিন্দা বাবাগানা মালা জানান, তিনি সেনাদের সঙ্গে পালিয়ে ৪৬ কিলোমিটার দূরের বামা শহরে গেছেন। তার দাবি, তিন দিন আগে থেকেই গ্রামে জঙ্গিদের জড়ো হওয়ার তথ্য সেনাদের জানানো হয়েছিল, কিন্তু অতিরিক্ত সেনা পাঠানো হয়নি। শেষ পর্যন্ত সেনারাও জঙ্গিদের প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে স্থানীয়দের সঙ্গে পালিয়ে আসেন।

অনেক নিহত ব্যক্তি ছিলেন বামা শহরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে থাকা বাস্তুচ্যুতদের ক্যাম্পের বাসিন্দা। চলতি বছর ওই ক্যাম্পটি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছিল।

Share.
Exit mobile version