নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৩ নভেম্বর) প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সংস্থাটি জানায়, নভেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অফিস জানায়, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে, তবে তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। দেশের প্রধান নদ–নদীগুলোর স্বাভাবিক প্রবাহও বজায় থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এর আগে, ২৮ অক্টোবর সকালে মোন্থা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান নেয় এবং সেদিন মধ্যরাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে।
এছাড়া, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এবারের শীত মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা, বৃষ্টিপাত ও তাপমাত্রার ওঠানামা দৈনন্দিন জনজীবনে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে।
পূর্বাভাসে আরও বলা হয়, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এ সময় বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে অন্তত দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
