দেশের অর্থনীতি বর্তমানে স্বস্তির মধ্যেই রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অর্থনৈতিক দিক থেকে আমরা এখন কিছুটা স্বস্তিতে আছি।”
অর্থ উপদেষ্টা জানান, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে ননফুড খাতে এখনও চাপ রয়ে গেছে। “বাসভাড়া, জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন খরচ এখনো উচ্চ। এই অংশটা কমানো কঠিন,” বলেন তিনি।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে দারিদ্র্য বৃদ্ধির দাবির বিষয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, “পাঁচ হাজার মানুষের টেলিফোন সাক্ষাৎকারে দারিদ্র্য মাপা নির্ভরযোগ্য নয়।”
চীন থেকে ২০টি যুদ্ধবিমান কেনার প্রসঙ্গে তিনি বলেন, “ওটা প্রতিরক্ষা খাতের সিদ্ধান্ত, আমি এ বিষয়ে মন্তব্য করবো না।”
আগামী সপ্তাহে ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বৈঠকে অংশ নেবেন তিনি। জানান, “দুটি নতুন চুক্তি সই হবে, বাকি সংস্থাগুলোর প্রকল্পগুলো চলমান।”
তিনি আরও বলেন, “নতুন সরকার আসার পর দেশের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো তারাই নেবে। আমরা এখন শুধু ফলোআপ ও আলোচনার কাজ করছি।”

