মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইগামী উড়োজাহাজের টিকিটের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। একসময় যেখানে ইকোনমি শ্রেণির একমুখী টিকিট ২০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে পাওয়া যেত, বর্তমানে তা লাফিয়ে বেড়ে লাখ টাকার ওপরে উঠেছে। দুবাই রুটে টিকিটের দাম এই দাম বৃদ্ধি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে আবুধাবি, দুবাই ও শারজাহ অভিমুখে নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালিত হয়। কিন্তু সম্প্রতি এসব রুটে টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অন্যদিকে, ফেরার পথে দুবাই থেকে ঢাকামুখী টিকিট এখনো ২১ থেকে ২৩ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ফলে প্রবাসীদের অভিযোগ, একদিকে ঢাকা থেকে দুবাইয়ের ৩৫০০ কিলোমিটারের ফ্লাইটে লাখ টাকার টিকিট কিনতে হচ্ছে, অন্যদিকে একই দূরত্বে পার্শ্ববর্তী দেশগুলোর টিকিট তুলনামূলকভাবে অনেক কম দামে মিলছে।

মধ্যপ্রাচ্যের অধিকাংশ প্রবাসী ২০ থেকে ৩০ হাজার টাকার মাসিক আয়ে জীবনধারণ করেন। ফলে লাখ টাকার টিকিট কেনা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনেকেই জানিয়েছেন, ছুটি কাটাতে দেশে এসে এখন ফিরে যাওয়া সম্ভব হচ্ছে না, চাকরি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে।

প্রবাসীদের অভিযোগ, শুধু দুবাই রুটে টিকিটের দাম নয়,  একটি সিন্ডিকেট ইচ্ছেমতো মধ্যপ্রাচ্যমুখি ফ্লাইটের টিকিটের দাম বাড়াচ্ছে এবং এ বিষয়ে কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই। বিশেষ করে উৎসব বা ছুটির মৌসুমে এই সংকট প্রকট হয়ে ওঠে, যা তাদের পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হওয়ার সুযোগকে সীমিত করে দিচ্ছে।

এ বিষয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) এবং প্রতিযোগিতা কমিশনের কঠোর নজরদারি ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তা না হলে প্রবাসীদের দুর্ভোগ আরও বাড়বে এবং বৈদেশিক মুদ্রা প্রেরণের হারেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Share.
Exit mobile version