মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগামীকাল রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রেস সচিব শফিকুল আলম আজ বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, ‘আগামীকাল প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। ‍বিকাল ৩টায়  বিএনপির সঙ্গে আলোচনার পাশাপাশি নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হবে; সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে আলোচনা হবে।’

শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজ শনিবার যমুনায় অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ‘রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত পরিবেশ আছে কি না তা বোঝার জন্য পুলিশ সদর দপ্তর থেকে পরিসংখ্যান নেওয়া হবে। গত বছরের সঙ্গে তুলনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাচাই করা হচ্ছে। আমরা মনে করি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজন করার মতো যথেষ্ট পরিবেশ আছে।’

এছাড়া তিনি জানান, গতকাল শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টা তীব্র নিন্দা জানিয়েছেন। আহত নুরুল হক নুরকে প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা সবার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি ফোনে নুরের সঙ্গে যোগাযোগ করেছেন এবং হামলার প্রতি সমবেদনা ও নিন্দা প্রকাশ করেছেন।’

Share.
Exit mobile version