ঢাকা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) তড়িঘড়ি করে মেরামতকাজ শুরু করেছে। উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মঙ্গলবারের পরিদর্শন সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
সোমবার (৬ অক্টোবর) দুপুর পর্যন্ত সড়কে ইট–বালু ফেলে রাখা থাকলেও কোনো শ্রমিক দেখা যায়নি। এতে উল্টো যানজট বেড়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, উপদেষ্টা চলে গেলে ইট সরিয়ে ফেলবে কর্তৃপক্ষ।
তবে সওজ কর্মকর্তারা বলছেন, এটি কোনো অস্থায়ী সংস্কার নয়, স্থায়ী সমাধানের অংশ হিসেবেই কাজ হচ্ছে। সরকারি নির্দেশে ৭২ ঘণ্টার মধ্যে যানজট নিরসনের উদ্যোগ নিতে বলা হয়েছিল।
সওজের সূত্রে জানা গেছে, সরাইল গোলচত্বর এলাকায় তিন স্তরে ইট ও বালু বিছানো হচ্ছে। প্রায় চার লাখ ইট ব্যবহৃত হচ্ছে এ কাজে।
চার লেন প্রকল্পের ধীরগতির কারণে দীর্ঘদিন ধরেই এ এলাকায় যানজটের সমস্যা চলছে। ৫ হাজার ৭৯১ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে ভারতীয় প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। সরকার সম্প্রতি প্রকল্পে অতিরিক্ত ১৬৩ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
সওজের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল বলেন, “জরুরি ভিত্তিতে জনদুর্ভোগ লাঘবের জন্য মেরামতের কাজ শুরু হয়েছে, ইট সরানো হবে না।”

